মু্ম্বাইয়ে সেলিব্রিটিদের যে কয়েকটি বাংলো রয়েছে, তার মধ্যে সবচেয়ে মশহুর অমিতাভ বচ্চনের ‘জলসা’ ও শাহরুখের ‘মান্নাত’। যেখানে রোজই ভিড় লেগে থাকে ভক্তদের।
জানা যায়, জলসার মালিকানার জন্য নগদ অর্থ খরচ করতে হয়নি অমিতাভকে। বাংলোটি উপহার হিসেবে তাকে দেন এক পরিচালক।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুসারে, ‘সত্তে পে সত্তা’ সিনেমায় অভিনয়ের সময় পরিচালক রমেশ সিপ্পি উপহার হিসেবে দশ হাজার বর্গফুটের দোতলা বাড়িটি অমিতাভকে দেন। পরে নিজের মতো করে সাজিয়ে দেন এই অভিনেতা।
বিগ বি ও তার পরিবারের সদস্যরা প্রায়ই সোশ্যাল মিডিয়াতে ছবি-সেলফি শেয়ার করেন, সেখান থেকে জলসার সাজসজ্জা সম্পর্কে ধারণা পাওয়া যায়। হাল ফ্যাশনের তুলনায় এ বাড়িতে একেবারেই আলাদা ধরনের আসবাবপত্র দেখা যায়। ঘরগুলো বিভিন্ন ধরনের ছবি ও সৌখিন সামগ্রীতে ঠাসা।
প্রতীক্ষা ও জনক-সহ অমিতাভ আরও কয়েকটি বাড়ির মালিক। এর মধ্যে জলসাই তার বাসভবন। এই বাংলোর বাইরে এসে সপ্তাহে একদিন ভক্তদের সঙ্গে আড্ডা দেন অমিতাভ। তবে করোনার কারণে কয়েক মাস ধরে এই সাক্ষাৎ বন্ধ রয়েছে।
লকডাউন শুরু হওয়ার পর থেকে বচ্চন পরিবারের সদস্যরা জলসাতেই আছেন।
