করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খানের মৃত্যুর তৃতীয় দিনে তার মা সাজেদা বেগমও (৮৫) মারা গেলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি কক্সবাজার শহরের তারাবনিয়ার ছরা কবরস্থান রোডের মরহুম কানুনগো বদিউল আলমের স্ত্রী।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় সাজেদা বেগম ইন্তেকাল করেছেন। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।
আজ এশার নামাজের পর তারাবনিয়ারছড়া কবরস্থানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদ।
হাসানুর রশীদ জানান, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান গত রবিবার (৭ জুন) করোনার সঙ্গে ৮ দিন লড়াই করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়ার পরপরই মারা যান। তার মৃত্যুর দুই দিনের মাথায় মা সাজেদা বেগমও মারা যান। তবে তিনি করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে মারা যাননি। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দুই দিন আগে করোনায় মারা যাওয়া ছেলের মৃত্যুর সংবাদও তাকে শোনানো হয়নি বলে জানান।
প্রসঙ্গ, গত ৭ জুন রবিবার রাতে করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ডেইলি ফিনেন্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার জেলা প্রতিনিধি আবদুল মোনায়েম খান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
