ঐতিহাসিক সিরিজ খেলতে ইংল্যান্ডে ক্যারিবীয়রা

আপডেট : ০৯ জুন ২০২০, ০৬:৫৬ পিএম

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে পৌঁছাল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মঙ্গলবার ম্যানচেস্টারে পা রাখে ক্যারিবীয়রা। সিরিজ শুরুর আগে এখানেই কোয়ারেন্টাইন ক্যাম্প করবে জ্যাসন হোল্ডারের দল।

সব ঠিক থাকলে করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর এটিই হবে প্রথম কোনো আন্তর্জাতিক সিরিজ। ‘ঐতিহাসিক’ শব্দটি তাই ব্যবহার করাই যায়।

সোমবার রাতে ওয়েস্ট ইন্ডিজ দল অ্যান্টিগা থেকে চাটার্ড বিমানে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। এর আগে আলাদা আলাদা বিমানে ক্রিকেটারদের একত্রিত করা হয়। মঙ্গলবার সকালেই তারা ম্যানচেস্টারে পৌঁছায়।

করোনা মহামারির কারণে গত মার্চ থেকে বন্ধ ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট। নানা অনিশ্চয়তার মাঝেই ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জৈব-নিরাপদ পরিবেশে প্রস্তাবিত টেস্ট সিরিজ খেলার কথা ঘোষণা করে। সেই মতো ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট।

ক্যারিবিয়ান নির্বাচকেরা হোল্ডারকে অধিনায়ক করে ১৪ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দল বেছে নিয়েছে। এ ছাড়াও ১১ জন রিজার্ভ ক্রিকেটারকেও দলের সঙ্গে ইংল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নেন তারা।

জৈব-নিরাপদ পরিবেশে খেলা হবে বলে বাইরের কেউ ক্রিকেটারদের সংস্পর্শে আসতে পারবেন না। তাই নেট বোলারের ভূমিকা পালন করা ছাড়াও কেউ চোট পেলে রিজার্ভ ক্রিকেটাররাই সেই ঘাটতি পূরণ করতে পারবেন।

সাউদাম্পটনে দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ৮ জুলাই থেকে। ১৬ ও ২৪ জুলাই থেকে সিরিজের পরের দুই টেস্ট হবে ম্যানচেস্টারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত