স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বদলির পর সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. আসাদুল ইসলাম। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল মান্নান।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে বিভিন্ন কারণে আলোচিত মো. আসাদুল ইসলামকে গত ৪ জুন স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সরিয়ে পরিকল্পনা বিভাগে নেওয়া হয়। ওই একই বিভাগে তাকে সিনিয়র সচিব করা হয়েছে। তাকে সরানোর চার দিনের মাথায় বদলি করা হয়েছে একই বিভাগের দুই অতিরিক্ত সচিবকে। স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (ওষুধ প্রশাসন) মো. ইসমাইল হোসেনকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
