চুপিসারে বাগদান, শিগগিরই বিয়ে

আপডেট : ১০ জুন ২০২০, ০৭:৩৩ এএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গোপনে বাগদান সারলেন দীর্ঘদিনের প্রেমিক রনির সঙ্গে। ১ মার্চ গোপনে বাগদান করলেও প্রকাশ করলেন ৮ জুন রাতে। সোমবার এক ফেইসবুক স্ট্যাটাসে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।

ফেইসবুক স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় পরিবার ও বন্ধুদের সহযোগিতায় সাত বছরের প্রেম ২০২০ সালের মার্চে পরিপূর্ণতা পেয়েছে। আমরা একতাবদ্ধ।’

দেশ রূপান্তরকে নুসরাত ফারিয়া বলেন, ‘আমাদের বাগদান হয়েছে এটা সত্য। শিগগিরই বাকি আনুষ্ঠানিকতাও সম্পন্ন হবে। তবে এসব বিষয়ে এই মুহূর্তে তেমন কিছু বলতে চাই না। কারণ সব পরিকল্পনা এখনো করা হয়ে ওঠেনি। সব পরিকল্পনা চূড়ান্ত হলে অবশ্যই সবাইকে বিস্তারিত জানাব। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

রনি ও ফারিয়ার প্রেমের সম্পর্ক সাত বছরের। তাই বোঝাপড়াটা অনেক পুরনো। এ বিষয়ে ফারিয়া বলেন, ‘সৃষ্টিকর্তার প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা। আমরা দীর্ঘদিন একে অপরকে চিনি। মূলত সাত বছর ধরে আমাদের সম্পর্ক। পরিবারের সম্মতিতে আমাদের আংটিবদল হয়েছে।’

ফারিয়ার হবু বর একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। তার পুরো নাম রনি রিয়াদ রশীদ। তার বাবা সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদ। ফারিয়া বছর কয়েক আগেই একটি ক্রুজার বাইক কিনেছিলেন। তখন জানিয়েছিলেন, এটি তার প্রেমিককে উপহার দেবেন। কিন্তু তখন তার প্রেমিক সম্পর্কে কোনো কিছুই জানাননি। বরং মজা করে গণমাধ্যমকে বলেছিলেন, তার প্রেমিকরা বেশিদিন তার সঙ্গে থাকেন না।

ফারিয়া জানান, লকডাউন শুরু হওয়ার পরপরই তিনি চলে যান নিজ এলাকা ময়মনসিংহে। সেখানে নিজেদের ফার্ম হাউজে অবসর সময় কাটান। জানা যায়, সেখানে চলেছে বিয়ে নিয়ে নানা প্রস্তুতি।

শ্যুটিং শুরু হলেও আপাতত শ্যুটিংয়ে অংশ নিচ্ছেন না তিনি। তিনি আবারও ময়মনসিংহে ফিরে যাবেন। কেন যাবেন তা না বললেও এটা স্পষ্ট যে বিয়ের সব আয়োজন সারতেই তিনি ময়মনসিংহে যাচ্ছেন।

মডেল ও উপস্থাপিকা নুসরাত ফারিয়ার চলচ্চিত্রে পদার্পণ ঘটে ২০১৫ সালে। যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে তিনি রুপালি জগতে পা রাখেন। ফারিয়া অভিনীত সর্বশেষ ছবি ‘শাহেনশাহ’ মুক্তি পায় ৬ মার্চ। এই সিনেমায় তিনি শাকিব খানের বিপরীতে কাজ করেন। লকডাউনের আগে তিনি কাজ করেছেন দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। এ ছাড়া শিহাব শাহীনের ‘যদি...কিন্তু‘...তবুও’ ছবির শ্যুটিং শুরু হলেও করোনার কারণে ছবিটির কাজ স্থগিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত