পাহাড়ের বর্ষীয়ান রাজনীতিক-ষাটের দশকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী মেধাবী ছাত্রনেতা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা দলের সাবেক সভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য সুধাসিন্ধু খীসা মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে খাগড়াছড়িস্থ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সুধাসিন্ধু খীসা দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা নিয়ে নিজ বাসায় শয্যাশায়ী ছিলেন।
তিনি পার্বত্য জেলার পাহাড়ি জনগণের কাছে একজন সুবক্তা ও শিক্ষা-দীক্ষায় উঁচু মানের নেতা হিসেবে অনেক বেশি জনপ্রিয় ছিলেন। ফলে তার মৃত্যুতে তিন পার্বত্য জেলার বাসিন্দাদের মাঝে একটি শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।
সত্তরোর্ধ্ব এই নেতা মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
বুধবার বিকেল ৩টায় তাকে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মুবাছড়িস্থ তার গ্রামের বাড়ির পারিবারিক শ্মশানে সৎকার করা হবে।
এদিকে সুধাসিন্ধু খীসা’র মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদ-এর সভাপতি মংপ্রু চৌধুরী ও সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক জুয়েল চাকমাসহ বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন পৃথক পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন।
