করোনা পরিস্থিতিতেও বাসায় কোচিং, প্রধান শিক্ষকের জরিমানা

আপডেট : ১০ জুন ২০২০, ০৪:০৫ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি নিয়মের তোয়াক্কা না করে করোনা পরিস্থিতিতেও নিজ বাসায় শিক্ষার্থীদের নিয়ে কোচিং করানোয় এক শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এ জরিমানা করেন।

অভিযুক্ত হোসনে আরা উপজেলা সদরের বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এলাকাবাসী জানায়, সরকারি নিয়ম না মেনে করোনা পরিস্থিতির মধ্যেও হোসনে আরা দীর্ঘ দিন ধরে তার বাসায় কোচিং ক্লাস চালিয়ে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বুধবার বেলা পৌনে ১১টার দিকে প্রধান শিক্ষক হোসনে আরার বাসায় যান। সেখানে তিনি দেখতে পান তার চার তলা বাসার পাশের একটি রুমে শিক্ষার্থীদের বসিয়ে কোচিং করানো হচ্ছে। এ সময় শিক্ষার্থীরা বেঞ্চে গাদাগাদি করে বসা ছিল। হোসনে আরাসহ অধিকাংশের মুখেই মাস্ক ছিল না। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেন।

প্রধান শিক্ষক হোসনে আরা সরকারি নিয়মসহ সহজেই কাউকে মানতে চান না বলে অভিযোগ রয়েছে। তিনি সবসময়ই তার নিজের খেয়াল খুশিমত কাজ করেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেধড়ক পেটানোর অভিযোগ রয়েছে। প্রশাসনের কর্তাদের কাছে পিটুনি খাওয়া শিক্ষার্থীদের অভিভাবকেরা অভিযোগ করলে তিনি ক্ষমা চেয়ে পার পেয়ে যান।

এলাকাবাসী জানায়, তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা তার কাছে প্রাইভেট না পড়লে কিংবা কোচিং না করলে কাউকেই তিনি ভালো চোখে দেখেন না। অন্য ক্লাসের শিক্ষার্থীদের প্রাইভেট পড়ালেও বিশেষ করে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাধ্যতামূলক কোচিং করতে হয়। অন্য ক্লাসের কেউ বাদ থাকলেও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো ছাড় দেন না তিনি।

তিনি কোচিং ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি মাসে ২ হাজার টাকা করে আদায় করেন বলে অভিভাবকেরা জানিয়েছেন। পঞ্চম শ্রেনিতে ৭১জন শিক্ষার্থী রয়েছে।

এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. লুৎফর রহমান বলেন, জরিমানা করার বিষয়টি আমাদের জন্য দুর্নামের। ওনাকে কোচিং না করানোর অনুরোধ করলেও তিনি মানেননি।

প্রধান শিক্ষক হোসনে আরা বলেন, ব্যাংক থেকে লোন তুলে একটা বিল্ডিং করেছি। আমি যা বেতন পাই তা লোন বাবদ কেটে নেয়। সংসার চালাতে আমি প্রাইভেট পড়াই।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, সরকারি নিয়ম না মানায় তাকে জরিমানা করা হয়েছে। এরপরও তিনি নিয়ম না মানলে তার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত