সুনামগঞ্জে সন্ত্রাসী হামলায় ভূমি কর্মকর্তা আহত

আপডেট : ১১ জুন ২০২০, ০৫:৪০ এএম

সুনামগঞ্জ পৌর শহরে সন্ত্রাসী হামলায় কাজী শামসুল হুদা নামের এক ভূমি কর্মকর্তা আহত হয়েছেন। তিনি সুনামগঞ্জ সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত। পৌর শহরের কাজীরপয়েন্ট এলাকায় গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

আহত কাজী শামসুল হুদা জানান, কাজীর পয়েন্ট এলাকাতেই তার অফিস। অফিসের পাশেই তিনি একটি ভাড়া বাসায় থাকেন। সকাল ১০টার দিকে তিনি হেঁটে বাসা থেকে অফিসে যাওয়ার পথে পেছন দিক থেকে কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়। লোহার পাইপ দিয়ে তার হাতে ও পায়ের একাধিক স্থানে উপর্যুপরি আঘাত করা হয়। হামলাকারীদের একজনের মুখোশপরা ছিল। পরে তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে মুখোশপরা ব্যক্তি দ্রুত পালিয়ে গেলেও স্থানীয় লোকজন তিন যুবককে আটক করে পুলিশে দেয়। আটকরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের উত্তর আরপিননগর এলাকার বাসিন্দা রবিন মিয়া (২০), আকাশ (২২) ও নিহারুল (২২)।

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার বলেন, কাজী শামসুল হুদা একজন সৎ-বিনয়ী কর্মকর্তা। তার ওপর পরিকল্পিতভাবে এই হামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত