ফরিদপুরের নগরকান্দায় মোবাইল চুরিকে কেন্দ্র করে আতর আলী (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে জেলার নগরকান্দা উপজেলার কলেজ বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নগরকান্দা থানার ওসি শেখ সোহেল রানা জানান, মঙ্গলবার রাতে উপজেলার কলেজ বালিয়া গ্রামের ফারুক মুন্সির ছেলে রাসেল মুন্সির একটি মোবাইল হারিয়ে যায়। আতর আলীর ছেলে মান্দার মুন্সি ওই মোবাইল চুরি করেছে বলে সন্দেহ করা হয়।
বুধবার মান্দার মুন্সিকে না পেয়ে তার বাবা আতর আলী ও মাকে ডেকে রাসেল ও তার সহযোগীরা তাদের এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।
রাত সাড়ে ৯টার দিকে নগরকান্দা হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আতর আলীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই চারজনকে আটক করেছে পুলিশ।
