বিয়ে করলেন ‘কমন জেন্ডার’খ্যাত নির্মাতা নোমান রবিন

আপডেট : ১১ জুন ২০২০, ০৮:৫৪ পিএম

দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন ‘কমন জেন্ডার’খ্যাত নির্মাতা নোমান রবিন। পাত্রীর নাম নায়লা বারী। তিনি পেশায় পুষ্টিবিদ ও কমিউনিকেশন বিশেষজ্ঞ।

দেশ রূপান্তরকে নোমান রবিন জানান, ১১ জুন বৃহস্পতিবার উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে অনুষ্ঠিত হয়। পাত্রের বয়স ৩৮ আর পাত্রীর বয়স ৩৩। বিয়ের সময় করোনাভাইরাসের কারণে সকল প্রকার সামাজিক দূরত্ব মেনেই বিয়ে পড়ানো হয়েছে।

কনে নায়লা বারীর সঙ্গে নোমান রবিনের বন্ধুত্ব চার বছর ধরে। দেশ রূপান্তরকে নোমান রবিন বলেন, ‘আমাদের বন্ধুত্ব চার বছরের। নিজেদের ভেতরের বোঝাপড়াটা ছিল। আমি যা চাই তার ভেতর তা আছে আবার সে যা চায় তা আমার ভেতরে পেয়েছে। আর আমরা যেহেতু ম্যাচিউর মানুষ। ফলে বিয়ের সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি।’

নোমান রবিন আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এমন একজন মানুষ পেয়েছি যার সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে। যিনি আমাকে বোঝেন। এমন মানুষের সঙ্গে জীবন পার করতে পারাটা সত্যিই আনন্দের হবে।’

করোনাভাইরাসের কারণে আনুষ্ঠানিকতা করা হয়নি। নোমান জানালেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই অনুষ্ঠান করব। আত্মীয়স্বজন ও দুজনের বন্ধুবান্ধবদের দাওয়াত করব।

উল্লেখ্য গত দেড় দশক ধরে ছোটপর্দার জন্য প্রচুর ফিকশন-নন ফিকশন নির্মাণ করেছেন নোমান রবিন। ২০১২ সালে তার পরিচালনায় নির্মিত হয় ‘কমন জেন্ডার’। তৃতীয় লিঙ্গের মানুষদের জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত ছবিটি অনেক প্রশংসিত হয়েছিল। সম্প্রতি তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবেতর জীবনের গল্প নিয়ে নির্মাণ করেন প্রামাণ্যচিত্র ‘ব্লোসম ফ্রম অ্যাশ’। এটি আমেরিকার ৫৩তম ওয়ার্ল্ড ফিস্ট-হুইস্টন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল জুরি রেমি অ্যাওয়ার্ড’ এ ভূষিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত