‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের অংশ হিসেবে মেলবোর্নে আয়োজিত ১০ হাজার মানুষের র্যালির এক সক্রিয় অংশগ্রহণকারী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যম মেট্রো নিউজ জানিয়েছে, ওই আন্দোলনকারী গত শনিবার মিছিলে অংশ নেন। এর ২৪ ঘণ্টা পর তার উপসর্গ দেখা দেয়।
ওই মিছিলের ঘটনায় অস্ট্রেলিয়া সরকার চিন্তিত হয়ে পড়েছে। দেশটিতে কয়েক দিন ধরে করোনা নিয়ন্ত্রণে থাকলেও আবার ছড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
সিডনি প্রশাসন বিবৃতিতে বলেছে, ‘এটাই আমাদের সবচেয়ে বড় ভয়। আমাদের দেশে দ্বিতীয়মাত্রায় করোনা সংক্রমণ শুরু হতে পারে।’
৩০ বছর বয়সী ওই ব্যক্তি জানিয়েছেন, মিছিলে হাঁটার সময় তার মুখে মাস্ক ছিল। তবে শারীরিক দূরত্ব বজায় রাখেননি।
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কভিড-১৯ পজিটিভ আন্দোলনকারীর আশপাশে যারা ১৫ মিনিটের মতো ছিলেন তাদের সবাইকে আইশোলেশনে থাকতে বলা হবে।
যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড মারা যাওয়ার পর ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে আন্দোলন শুরু হয়েছে। এর কারণে আগামী কয়েক সপ্তাহের মধ্যে অঞ্চলগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ দ্বিতীয় ধাপে প্রকট হয়ে উঠতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পর্যায়ের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
