ভারতে লকডাউন শিথিল করা হলেও, করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে দিনের পর দিন ধরে। ফলে আনলক পর্বে শুটিং শুরুর তোড়জোড় শুরু হলেও, তাতে একেবারেই খুশি নন শক্তি কাপুর। ফলে মেয়ে শ্রদ্ধা কাপুরকে কোনোভাবেই এই মুহূর্তে বাইরে বেরিয়ে শুটিং করার অনুমতি শক্তি কাপুর দিচ্ছেন না বলে জানা যায়।
ভারতীয় গণমাধ্যম জানায়, শ্রদ্ধা কাপুরকে কোনোভাবেই শুটিং ইউনিটে যেতে দিচ্ছেন না শক্তি। তিনি বলেন, কাজ অবশ্যই ভীষণ প্রয়োজনীয়। তাই বলে কারও জীবনের বিনিময়ে নয়। বর্তমানে যে অবস্থা, তাতে বাইরে বেরোনো উচিত নয়। বাইরে বেরিয়ে কাজ করে হাসপাতালে বিল মেটানোর চেয়ে, ঘরে চুপচাপ বসে থাকাই শ্রেয় বলেও মন্তব্য করেন বলিউডের এই অভিনেতা।
পাশাপাশি কোভিড ১৯-এ কেউ আক্রান্ত হলে, তার চিকিৎসার জন্য হাসাপাতালগুলি যেন হা করে বসে রয়েছে। মানুষের সুবিধা অসুবিধার কথা না ভেবেই বেসরকারি হাসপাতালগুলি যেন মানুষকে লুটেপুটে নিচ্ছে বলেও ক্ষোভ উগরে দেন শক্তি। তাই কাজের তুলনায় নিজের সন্তানদের জীবন ও নিরাপত্তা তার কাছে অনেক বেশি প্রয়োজনীয় বলেও মন্তব্য করেন শক্তি কাপুর।
