করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মালয়েশিয়ায় আটকে পড়া শিক্ষার্থী, পর্যটক ও নানা পেশার বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে নিয়ে আসা হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টা ৪০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে করে ১৫১ জন বাংলাদেশি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস-বাংলার জিএম (জনসংযোগ) কামরুল ইসলাম।
এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকা থেকে কুয়ালালামপুরে ৪৩ জন মালয়েশিয়ান নাগরিক ও স্থায়ীভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে নিয়ে গিয়েছিল এই বিশেষ ফ্লাইটটি। পরে কুয়ালালামপুর থেকে স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে এই একই ফ্লাইটে করে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফেরেন।
ইউএস-বাংলার জিএম (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়ান দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে।
কভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত তিন মাসের অধিক সময় মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে আাটকে রয়েছে অসংখ্য বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই দেশে ফিরে আসতে পারছেন না।
