সমকালের উপ সম্পাদক আবু সাঈদ খানের মা রেজিয়া বেগম আর নেই

আপডেট : ১৩ জুন ২০২০, ১২:৩৯ এএম

দৈনিক সমকাল পত্রিকার উপ সম্পাদক আবু সাঈদ খানের মা রেজিয়া বেগম (৯৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তিনি প্রয়াত শিক্ষক ও সমাজসেবক আব্দুর রশীদ খানের স্ত্রী।

শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে ফরিদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

রেজিয়া বেগমের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে। তিনি বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত নানাবিধ জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

শুক্রবার রাতেই বিভাগদী গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হবে বলে তার পরিবারের সূত্র জানিয়েছেন।  

রেজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন- ফরিদপুর-২ আসনের এমপি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফি, প্রকাশক এ. কে আজাদ প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত