স্বেচ্ছাসেবক লীগ নেতা খুনের ঘটনায় আ. লীগ নেতাকে আসামি করে মামলা

আপডেট : ১৩ জুন ২০২০, ১২:৫৪ এএম

চট্টগ্রামের ফটিকছড়িতে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামাল খুনের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মুহাম্মদ বাকেরকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। বৃহস্পতিবার রাতে নিহত রাশেদ কামালের মা জাহানারা বেগম বাদী হয়ে মামলাটি করেন।

রবিউল ইসলাম জানান, এতে সৈয়দ মুহাম্মদ বাকেরসহ ছয়জনকে উল্লেখ করে আরও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

তিনি বলেন, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে নানুপুর বাজারের নবিদুর রহমান শাহ মাজার গেটের সামনে মুখোশধারী দুষ্কৃতকারীরা অতর্কিত গুলি চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামালকে হত্যা করে।

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে, চাঞ্চল্যকর এ খুনের ঘটনায় ফটিকছড়িতে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত