নারায়ণগঞ্জে বাড়িওয়ালার মারধরে ভাড়াটিয়া সিরাজুল ইসলাম (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ বিলের পাওনা নিয়ে তর্কের জের ধরে মারধরের পর শুক্রবার ঐ বৃদ্ধের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেছে। মামলার প্রধান আসামি মো. শাহজাহান জেলঅ যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক শাহ ফয়েজউল্লাহ’র বাবা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত সিরাজুল শহরের জামতলা এলাকায় শাহজাহান মিয়ার বাড়ীতে ভাড়া থাকতেন। সেসময় তার কাছে বিদ্যুৎ বিলের ৩ হাজার ৬‘শ টাকা পাওনা ছিলো বাড়ীওয়ালার। বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ বিলের পাওনা টাকা নিয়ে তর্কের জের ধরে সিরাজুল ইসলামের মাথায় আঘাতসহ পিটিয়ে জখম করে শাহজাহান এবং তার বাড়ির দারোয়ান। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দিয়ে ছোট ছেলের বাড়িতে আনা হলে শুক্রবার তিনি মারা যান।
সিরাজুল ইসলামের জামাতা জসিম উদ্দিন দেশ রূপান্তরকে জানান, ৭ থেকে ৮ বছর পূর্বে তার শ্বশুর সিরাজুল ইসলাম রূপায়ণ টাওয়ারের পাশে শাহজাহান মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির বিদ্যুৎ বিল বাবদ বকেয়া তিন হাজার ছয়শ’ টাকা পাবেন বলে দাবি করে আসছিলেন বাড়িওয়ালা। বৃহস্পতিবার তার বৃদ্ধ শ্বশুরকে ডেকে নিয়ে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন শাহজাহান। এলোপাতাড়ি পিটুনিতে বৃদ্ধ পিঠে, কানে ও বুকের পাঁজরে গুরুতর আঘাত প্রাপ্ত হন। এ সময় তার আত্মচিৎকারে স্বজনরা এগিয়ে এসে তার শ্বশুরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে চিকিৎসা দিয়ে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।
শুক্রবার বিকেলে জামতলা হাজী ব্রাদার্স রোডের ভাড়া বাসায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।
নিহতের জামাতা আরও জানান, শাহজাহান ও তার বাড়ির দারোয়ান মিলে তার শ্বশুর সিরাজুল ইসলামকে হত্যা করেছে।
এ ব্যাপারে জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ সাংবাদিকদের বলেন, এটি একটি দুর্ঘটনা। আমরা হাসপাতালে সিরাজুল ইসলামের খোঁজখবর নিয়েছি। সেখানে চিকিৎসার জন্য ১০ হাজার টাকাও পাঠিয়েছি। ফয়েজ বলেন, যেহেতু ওনি মারা গেছেন সেহেতু আইন যা বলবে তাই হবে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন দেশ রূপান্তরকে জানান, বাড়িওয়ালা দ্বারা নির্যাতনের শিকার হওয়া এক ভাড়াটে বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন।
ওসি আরও জানান, লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।। নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
