ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

আপডেট : ১৪ জুন ২০২০, ০১:৩৫ এএম

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবদুল্লাহ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতিমন্ত্রী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আবদুল্লাহ বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর শেখ মোহাম্মদ আবদুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ধর্মভিত্তিক দলসমূহের সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি, জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

উল্লেখ্য, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত