লালমনিরহাটের হাতীবান্ধায় ফারুক হোসেন নামে এক গ্রাম পুলিশের সদস্যকে ৯৭ বোতল ফেনসিডিলসহ আটক করে থানায় সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির দেওয়া মাদক মামলা মিথ্যা ও সাজানো দাবি করে গতকাল শনিবার দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাসিম বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যরা।
এর আগে গত শুক্রবার রাতে উপজেলার বনচৌকি এলাকা থেকে ফারুককে আটক করে বিজিবি। ফারুক উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ফারুক বনচৌকি এলাকা থেকে ৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে হাতীবান্ধা থানার পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই বিজিবি সদস্যরা ফারুককে আটক করে বনচৌকি ক্যাম্পে নিয়ে যায়। পরে ওই রাতেই উদ্ধার করা ফেনসিডিলসহ ফারুককে আটক দেখিয়ে হাতীবান্ধা থানায় সোপর্দ করে বিজিবি।
এদিকে ফারুককে ফেনসিডিলসহ আটক দেখিয়ে থানায় সোপর্দ করার প্রতিবাদে গতকাল মানববন্ধন করেন তার সহকর্মীরা। ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, বিজিবি ফারুককে ‘মিথ্যা মামলা’য় ফাঁসিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছি। এছাড়া তদন্ত সাপেক্ষে এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিও জানান তিনি।
