৮ জুন সবশেষ রিপোর্ট আসার ৫ দিন পর রাঙ্গামাটিতে নতুন করে আরও ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে আসা রিপোর্টে আটজনের সংক্রমণ শনাক্ত হয়েছে; তারা সবাই কাপ্তাই উপজেলার। এ নিয়ে জেলায় ৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।
সিভিল সার্জন কার্যালয়ের করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুরে চট্টগ্রামের সিভাসু থেকে ২৫টি রিপোর্ট এসেছে; এরমধ্যে ৮ জনের করোনা পজিটিভ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কাপ্তাইয়ের নতুন শনাক্ত হওয়া ৪ জন পুলিশ সদস্য ওয়াগ্গা পাগলী পাড়া ক্যাম্পে কর্মরত আছেন, এছাড়া একজন উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মচারী, একজন উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ, একজন বড়ইছড়ি কর্ণফুলী সরকারি কলেজ এলাকার বাসিন্দা এবং একজন রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালার করোনায় মৃত স্বাস্থ্যকর্মীর বাবা।
