লন্ডনে পুলিশের ওপর শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের হামলা

আপডেট : ১৪ জুন ২০২০, ১১:২৭ এএম

লন্ডনে বর্ণবাদ-বিরোধী আন্দোলন ব্ল্যাক লাইভস ম্যাটার্স-বিএলএমের বিরুদ্ধে জমায়েত হওয়া শ্বেতাঙ্গ উগ্র জাতীয়তাবাদী বিক্ষোভকারীরা পুলিশকে ইট-পাটকেল ছুঁড়েছেন।

বিবিসি বাংলা জানায়, উগ্র ডানপন্থীসহ বেশ কয়েকটি সংগঠন লন্ডনে সমবেত হওয়ার এ ডাক দিয়েছিল।

বিক্ষোভকারীরা বলছেন, বর্ণবাদ-বিরোধী বিক্ষোভকারীদের হাত থেকে ব্রিটেনের ইতিহাসের স্মারক রাজধানীর ভাস্কর্যগুলোকে রক্ষার জন্যই মাঠে নেমেছেন।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এ ধরনের সমাবেশের ব্যাপারে শুক্রবার কিছু শর্ত আরোপ করেছিল।

এই বিক্ষোভের সময় শত শত শ্বেতাঙ্গ পুরুষ লন্ডনে যুদ্ধের স্মৃতিসৌধ সেনোটাফ এবং পার্লামেন্ট ভবনের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ভাস্কর্যের কাছে জড়ো হয়।

পুলিশের সঙ্গে বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষ হয়। এ সময় এদের ‘ইংল্যান্ড ইংল্যান্ড’ ধ্বনি দিতে দেখা যায়।

এরপর উগ্র ডানপন্থী কয়েকটি বড়ো দল লন্ডনের ট্রাফালগার স্কয়ার এলাকায় অবস্থান নেয়।

বিক্ষোভকারীদের একটি দল হাইড পার্ক এলাকায় ঢুকে পড়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেওয়ার চেষ্টা করে। এসময় ওই পার্কে একটি শান্তিপূর্ণ বর্ণবাদ বিরোধী বিক্ষোভ চলছিল।

এদিকে বর্ণবাদ বিরোধী আন্দোলন বিএলএমের আয়োজকরা মানুষজনকে এসব সমাবেশ এড়িয়ে চলার উপদেশ দিয়েছে।

বিএলএম সম্পর্কিত বিক্ষোভের সময় লন্ডনসহ বেশ কয়েকটি শহরে ঐতিহাসিক ব্যক্তিত্বদের কয়েকটি ভাস্কর্য বিকৃত করা হয়।

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ নির্মমভাবে খুন হলে সারা বিশ্বে বর্ণবাদ-বিরোধী এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত