ইউরোপে ৪০ কোটি ভ্যাকসিন দেবে অ্যাস্ট্রাজেনেকা

আপডেট : ১৪ জুন ২০২০, ০৩:২৯ পিএম

নভেল করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন পেতে আগেভাগে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি করেছে ইউরোপের বিভিন্ন দেশের সরকার। ব্রিটেনের ওষুধ প্রস্ততকারক এই প্রতিষ্ঠানটি নতুন চুক্তির আওতায় দেশগুলোতে ৪০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে।

শনিবার অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, নভেল করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন পেয়ে গেলে সেটি কীভাবে আরও বৃহৎ পরিসরে সরবরাহ করা যায় সেই চেষ্টা চলছে। মহামারী চলাকালীন বিনা লাভে ভ্যাকসিন সরবরাহ করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে তারা।

রয়টার্স জানিয়েছে, চুক্তি অনুযায়ী ২০২০ সালের শেষ দিকে ভ্যাকসিন সরবরাহ শুরু করবে কোম্পানিটি।

অ্যাস্ট্রাজেনেকা ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটিসহ আর কয়েকটি ভ্যাকসিন গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। তাদের সঙ্গে এখন চুক্তি করল ইউরোপের ইনক্লুসিভ ভ্যাকসিন অ্যালায়েন্স (আইভিএ)। ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং ইতালি এই সংগঠনটির সঙ্গে যুক্ত।

অ্যাস্ট্রাজেনেকা বিবৃতিতে বলেছে, ‘এই চুক্তির ফলে ইউরোপের লাখ লাখ মানুষ ভ্যাকসিন নিতে পারবেন। আমরা আশা করছি সম্ভাব্য ভ্যাকসিন সেপ্টেম্বর নাগাদ কার্যকরী প্রমাণিত হবে।’

‘অ্যালায়েন্স ইউরোপীয়ন কমিশন এবং সেখানকার আরো কয়েকটি দেশকে নিয়ে একসঙ্গে কাজ করবে।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে চীন, ব্রাজিল এবং রাশিয়াও আগ্রহ দেখাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত