লন্ডন পুলিশের ওপর শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের হামলায় গ্রেপ্তার শতাধিক

আপডেট : ১৪ জুন ২০২০, ০৭:৩০ পিএম

লন্ডনে পুলিশের ওপর শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের হামলার ঘটনায় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

বিবিসি জানায়, শনিবার লন্ডনে বর্ণবাদ-বিরোধী আন্দোলন ব্ল্যাক লাইভস ম্যাটার্স-বিএলএমের বিরুদ্ধে জমায়েত হয় শ্বেতাঙ্গ উগ্র জাতীয়তাবাদীরা। 

শ্বেতাঙ্গ বিক্ষোভকারীদের একটি দল হাইড পার্ক এলাকায় ঢুকে পড়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেওয়ার চেষ্টা করে। এসময় ওই পার্কে একটি শান্তিপূর্ণ বর্ণবাদ বিরোধী বিক্ষোভ চলছিল।

এক পর্যায়ে পুলিশকে ইট-পাটকেল ছুঁড়ে মারে শ্বেতাঙ্গ বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষ হয়। এ সময় এদের ‘ইংল্যান্ড ইংল্যান্ড’ ধ্বনি দিতে দেখা যায়।

বর্ণবাদ-বিরোধী বিক্ষোভকারীদের হাত থেকে ব্রিটেনের ইতিহাসের স্মারক রাজধানীর ভাস্কর্যগুলোকে রক্ষার জন্যই মাঠে নামে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা।

তবে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এ ধরনের সমাবেশের ব্যাপারে শুক্রবার কিছু শর্ত আরোপ করেছিল। যা লংঘন করে বিক্ষোভকারীরা

২০১৩ সালের ওয়েস্টমিনস্টার হামলায় নিহত পুলিশ কর্মকর্তা পিসি কিথ পামারের স্মৃতিসৌধের পাশেই প্রস্রাব করতে দেখা যায় এক শ্বেতাঙ্গকে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা যায়। 

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল জানান, পিসি পামারের স্মৃতিস্মারকে এমন অমর্যাদাকর আচরণ খুবই লজ্জাজনক। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, বর্ণবাদী গুন্ডাদের আমাদের রাস্তায় কোনও জায়গা নেই।

লন্ডন পুলিশ কমান্ডার বাস জাভিদ বলেন, পিসি পামারের স্মৃতিস্মারকের মর্যাদাহানী করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, বিষয়টি আমাদের নজরে এসেছে।

তিনি বলেন, আমরা এই ঘটনায় দ্রুত তদন্ত শুরু করব এবং সব ধরনের তথ্য প্রমাণ সংগ্রহ করে কার্যকরী পদক্ষেপ নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত