হাসপাতালগুলো কিছু ব্যক্তি ও গোষ্ঠীর জন্য দখলে রাখা হয়েছে: মির্জা আব্বাস

আপডেট : ১৪ জুন ২০২০, ০৯:২৮ পিএম

করোনা মোকাবিলায় সরকার ব্যর্থতার ‘ষোলোকলা’ পূর্ণ করে ফেলেছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সারা দেশে শুরু হয়ে গেছে লাশের মিছিল। এখন হাসপাতালগুলোতে রোগীদের স্থান সংকুলান হচ্ছে না। তার ওপর এই সেবামূলক প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট কিছু ব্যক্তি গোষ্ঠী কিংবা সংস্থার জন্য একপ্রকার দখলে রাখা হয়েছে।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, হাসপাতালগুলোতেও চলছে একপ্রকার দখলে রাখার প্রতিযোগিতা। কোন কোন হাসপাতাল ব্যবহার হচ্ছে শুধুমাত্র বিশেষ মানুষের জন্য, আবার কোন কোন হাসপাতাল ব্যবহার হচ্ছে বিশেষ সংস্থা বা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য। এভাবে যদি এক এক করে হাসপাতালগুলো বিভিন্ন বেড়াজালে আটকে ফেলেন তবে চিকিৎসার জন্য সাধারণ মানুষগুলো কোথায় যাবে?

সরকারের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, করোনা উপসর্গে অসুস্থদের দ্রুত পরীক্ষা নিশ্চিত করুন। মৃত্যুর হার কমাতে এখনই সর্বসাধারণের জন্য হাসপাতাল, আইসিইউ বেড ও অক্সিজেন এর ব্যবস্থা করুন।

মির্জা আব্বাস আরও বলেন, করোনা পরীক্ষার নামে আমরা দেখছি নাটক। যে করোনা পরীক্ষা আমরা করাতে পারতাম মাত্র ৩০০ টাকায়, সেখানে এখন ৩০০০ থেকে ৫০০০ টাকায় করাতে হচ্ছে। যদি চিকিৎসকদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে এবং সাশ্রয়ী মূল্যে এই করোনা পরীক্ষার ব্যবস্থা করা যেতো তবে সাধারণ জনগণের কষ্ট অনেকটাই লাঘব হতো। কিন্তু সেটাও আজ আপনারা একটি গন্ডির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন।

তিনি বলেন, অনেক কষ্ট নিয়েই আমাকে আজ বলতে হচ্ছে, যদি সবকিছুতেই ব্যবসা আর মুনাফা খোঁজেন, তবে এবার দয়া করে জানিয়ে দেবেন, কাফনের কাপড়ের ডিলারশিপটা কাকে দেবেন। যাতে সেই প্রতিষ্ঠানের কাফনের কাপড় ছাড়া অন্য কোন কাপড়ে দাফন করতে মানুষ না পারে ! তাহলে এখান থেকেও একটা ভালো ব্যবসা হবে!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত