স্বস্তির খবর দিলেন ফ্রান্সে প্রশিক্ষণরত বাংলাদেশি প্রতিশ্রুতিশীল সাঁতারু আরিফুল ইসলাম। গত ৫ ফেব্রুয়ারি ট্রেনিং থেকে ক্যাম্পে ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। করোনা উপসর্গ থাকায় গত বৃহস্পতিবার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তিনি। চার দিন পর সোমবার সেই পরীক্ষার ফল হাতে পেয়েছেন। আরিফের শরীরে প্রাণঘাতী কভিড-১৯ ভাইরাস পাওয়া যায়নি।
বাংলাদেশ সময় সন্ধ্যায় করোনা পরীক্ষার ফল জানতে পারেন আরিফ। ফল হাতে পেয়েই দেশ রূপান্তরকে মুঠোফোনে বলেন, ‘অনেক বড় একটা টেনশন থেকে মুক্তি পেলাম। ফল জানতে পারার পর ধরতে গেলে নতুন জীবনের পাওয়ার মতো মনে হচ্ছিল।’
আরিফ অবশ্য শুরু থেকে বলে আসছিলেন ইতিবাচকই কিছুই আসবে। কারণ ভয়াবহ পরিস্থিতিটা কাটিয়ে উঠেছিলেন তিনি। তবে মুখে বললেও ভেতরে ভেতরে ঠিকই ভয় কুড়ে খাচ্ছিল কিশোরগঞ্জের নিকলীর এই তরুণকে।
এদিন চিন্তা মুক্ত আরিফ তাই হাসতে হাসতে বললেন, ‘আমি যদি বলি ভয় পাচ্ছি, তাহলে সবাই তো ভেঙে পড়বে। এই রোগটাই আসলে এমন, এর বিরুদ্ধে জয়ে মনের শক্তিটাই আসল। আমি সেভাবেই নিজেকে তৈরি রাখছিলাম। রাতে হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যেত আতঙ্কে। তখন ওঠে গরম পানি খেতাম…।’
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তি নিয়ে ২০১৮ সাল থেকে ফ্রান্সের রুয়েন শহরের দ্য ভাইকিং রুয়েন ক্লাবে প্রশিক্ষণ নিচ্ছেন আরিফ। করোনা লকডাউনের কারণে দীর্ঘ সময় প্রশিক্ষণ বন্ধ ছিল তাদের।
ফ্রান্সে লকডাউন শিথিল হলে সীমিত পরিসরে শুরু হয় আরিফদের প্রশিক্ষণ। তবে আরিফ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ও তার মধ্যে করোনা উপসর্গ থাকায়, ক্যাম্পের সবার প্রশিক্ষণ কার্যক্রমই স্থগিত করা হয়। সতর্কতা থেকে সবাই কোয়ারেন্টাইন পর্বও শুরু করেন।
আরিফের করোনা নেগেটিভ আসায় সবাই ফের প্রশিক্ষণে ফিরবেন মঙ্গলবার থেকে।
আরো পড়ুন:
ফ্রান্সে হঠাৎ অসুস্থ সাঁতারু আরিফ, বৃহস্পতিবার করোনা পরীক্ষা
