কল্যানপুরে যুবকের রহস্যময় মুত্যু, রাস্তায় পড়ে ছিল লাশ

আপডেট : ১৫ জুন ২০২০, ১০:৩২ পিএম

আশিকুজ্জামান অর্ক (৩০) নামে নিরাপত্তা প্রদানকারী সংস্থা ডিসেন্ট গ্রুপের কর্মরত এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার ভোর চারটার দিকে তাঁর মৃতদেহ কল্যাণপুরের নতুন সড়কর ওপর পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

আশিকুজ্জামানের বাবার নাম মাহবুব জামান। ফরিদপুরের ছেলে আশিকুর থাকতেন পাইকপাড়ায়। মাঝেমধ্যে তিনি ভাড়ায় মোটরসাইকেলও চালাতেন।

জানা যায়, কল্যাণপুর নতুনবাজার চৌরাস্তার মোড় থেকে একটু সামনে রাস্তার ওপর মৃতদেহটি পড়ে ছিল। সকালে স্থানীয়রা মৃতদেহটি দেখতে পায়। পরে পুলিশ, র‌্যাব ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের লোকজন ঘটনাস্থলে যান।

যে জায়গায় আশিকুজ্জামানের মৃতদেহ পড়ে ছিল, তার কাছেই একটি ভবনের দোতলায় দোকান আছে মো. আবদুর রহিমের। তিনি বলেন, এলাকার কয়েকজন ওই ব্যক্তিকে রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘ সময় কথা বলতে দেখেছেন। তিনি মোটরসাইকেলে করে এসেছিলেন। ওই এলাকার বাসিন্দা না হওয়ায় এলাকার লোকজন তাকে চলে যেতে বলেন। এরপর কী হয়েছে, তারা আর জানেন না।

আরেক বাসিন্দা হাসান খান বলেন, ভোরে নামাজ পড়ে ফেরার পথে তিনি একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। একজন পুলিশ সদস্য মৃতদেহটি উল্টেপাল্টে দেখছিলেন। পুরো মুখ থেঁতলে যাওয়ায় চেহারা চেনা যাচ্ছিল না। পরে তার আত্মীয়স্বজন এসে মৃতদেহ শনাক্ত করেন।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক আবদুর রাজ্জাক এই ঘটনার তদন্ত করছেন। তিনি বলেন, ঘটনাস্থলের ভিডিও ফুটেজে আশিকুজ্জামানকে রাত ৩টা ৫১ মিনিটের দিকে ওপর থেকে পড়তে দেখা গেছে। তিনি আত্মহত্যা করেছেন, নাকি কেউ ওপর থেকে ফেলে দিয়েছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আশিকুজ্জামানের মৃতদেহ পাঠানো হয়েছে। তার মুখমণ্ডল পুরো থেঁতলানো ছিল, দাঁত সব ভাঙা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত