গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক লীগ সভাপতির পদও হারালেন রজব

আপডেট : ১৫ জুন ২০২০, ১০:৫২ পিএম

হত্যাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ইমাম আবু জাফর রজবকে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার রাতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ.কে এম আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি আবু জাফর রজবকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অপরাধে অব্যাহতি দেওয়া হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে আবু জাফর রজবের বিরুদ্ধে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হওয়ার অভিযোগও আনা হয়। 

এসব কারণ দেখিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে আবু জাফর রজবকে স্বেচ্ছাসেবক লীগের দিনাজপুর জেলা শাখার সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও বিষয়টি শেয়ার করেন।

এর আগে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জোড়া খুনের মামলাসহ আরো বেশ কয়েকটি সুনির্দিষ্ট মামলায় দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজবকে গ্রেপ্তার করে কোতয়ালি থানা পুলিশ।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার তখন দেশ রূপান্তরকে বলেন, ইমাম আবু রজবের বিরুদ্ধে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জোড়া খুনের একটি মামলা তদন্ত করত সিআইডি বিভাগ (ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ)। ইমাব আবু জাফর রজব বিষয়ে তারা আমাদের জানালে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করি। তা ছাড়া ইমাম আবু জাফর রজবের বিরুদ্ধে কোতয়ালি থানায় ডাকাতির প্রচেষ্টা মামলা আছে দুইটা। বোচাগঞ্জ থানায় একটি মার্ডার মামলা আছে এবং ইমাম আবু রজবের বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা আছে। মূলত এসব সুনির্দিষ্ট মামলার ভিত্তিতেই আমরা তাকে গ্রেপ্তার করি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত