ক্রিকেটারদের মাঠে ফেরানোর প্রস্তুতি নিয়ে রাখছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিস্থিতি উন্নতি হলে যাতে ক্রিকেটাররা যে কোনো সময় মাঠে নেমে পড়তে পারেন, সে জন্য তৎপর ছিল বিসিবি।
কিন্তু দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের দ্রুতই মাঠে ফেরা হচ্ছে না। এমনকি সেটা কবে হবে সে নিয়েও তৈরি হয়েছে সংশয়।
একটি জাতীয় দৈনিককে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘মধ্য জুনে প্র্যাকটিস শুরুর যে পরিকল্পনা ছিল, সেটি হচ্ছে না। সত্যি বলতে কি, এ অবস্থায় ৩০ জুনেও নির্দিষ্ট কোনো তারিখ দিতে পারব কি না জানি না।’
এর আগে ক্রিকেটারদেরে কেউ কেউ ব্যক্তিগত অনুশীলনের অনুমতি চেয়েছে বলে জানা গিয়েছিল। মিরপুরসহ বিভিন্ন বিভাগীয় শহরে বিসিবির স্থাপনায় খেলোয়াড়রা যাতে অনুশীলন করতে পারেন, সে ব্যাপারে চিন্তা-ভাবনাও শুরু করেছিল বিসিবি।
এদিকে মিরপুরে বিসিবি কার্যালয়ের যে প্রধান ফটক, তার ঠিক উল্টো পাশের বাড়ির বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এরপর থেকে মিরপুর স্টেডিয়াম পড়ায় কড়াকড়ি আরো বেড়েছে।
রবিবার জাতীয় দল ও প্রথম শ্রেণির শীর্ষ ক্রিকেটারদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেছিল ক্রিকেটারদের সংগঠন- ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সেই সভাতেও খেলোয়াড়দের মাঠে ফেরার ব্যাপারে বর্তমান পরিস্থিতি আরো কিছুটা পর্যবেক্ষণের পক্ষেই মত এসেছে।
কোয়াব সাধারণ সম্পাদক দেবব্রত পাল স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘ঢাকা প্রিমিয়ার ডিভিশনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের বর্তমান পরিস্থিতি আরো কিছুদিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত গৃহীত হয়।’
এ ছাড়া জাতীয় দলের শ্রীলঙ্কা সফর নিয়ে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণ পূর্বক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করবেন।’
তবে ক্রিকেটাররা জুলাইয়ে নির্ধারিত এই সফরের বিপক্ষে মত দিয়েছেন বলে জানা গেছে।
