করোনা: যুক্তরাষ্ট্রে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমোদন বাতিল

আপডেট : ১৬ জুন ২০২০, ০১:১১ পিএম

করোনা চিকিৎসায় জরুরি পরিস্থিতিতে হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহারের অনুমোদন প্রত্যাহার করে নিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

রয়টার্স জানায়, ক্লিনিকাল ট্রায়ালে নতুন প্রমাণে এফডিএ দেখতে পায় ওষুধটি ভাইরাসের বিরুদ্ধে প্রভাব ফেলে এমন বিশ্বাস আর যুক্তিসঙ্গত নয়। ফলে সংস্থাটি করোনা চিকিৎসায় ওষুধটির ব্যবহার বাতিল করেছে।

গত মার্চ মাসে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ওষুধটি জরুরি পরিস্থিতিতে ব্যবহারের অনুমোদন দিয়েছিল এফডিএ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার নিয়ে জোর সমর্থন দিয়েছিলেন। করোনা আক্রান্তদের ওপর ওষুধটির ব্যবহার কার্যকরী কী না এ  নিয়ে নানা বিতর্কও হয়।

এমনকি ভারত থেকে এই ওষুধ আমদানিও করেন ট্রাম্প। ওষুধটি দুই দেশের মধ্যে উত্তেজনা পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল। এ ছাড়া ব্রাজিলের করোনা পরিস্থিতিতে দেশটিতে এই ওষুধ সহায়তা পাঠায় যুক্তরাষ্ট্র।

এফডিএ ওষুধটি অনুমোদন দেয়ার পর ট্রাম্প হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের পক্ষে তার প্রচার ‘ঠিক ছিল’ বলে সাফাই গেয়েছেন।

তবে সোমবার মার্কিন সংস্থাটি জানায়, ক্লিনিকাল ট্রায়ালে করোনাভাইরাসের চিকিৎসায় অকার্যকর এবং এটি সংক্রমণ রোধ করতে ব্যর্থ হয়েছে হাইড্রক্সিক্লোরোকুইন।

এদিকে এফডিএ'র এই সিদ্ধান্তের পর ট্রাম্প এক প্রতিক্রিয়ায় জানান, তিনি ওষুধটি দুই সপ্তাহ ধরে খেয়েছিলেন। কোনো ধরনের প্রভাব পড়েছে কী না সেটি বোঝা না গেলেও এটি নিশ্চিত যে ওষুধটি তার কোনো ক্ষতি করেনি।

এর আগে এ মাসের শুরুর দিকে করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনকে ‘অকার্যকর’ বলে সিদ্ধান্ত দিয়ে বড় একটি পরীক্ষা বন্ধ করে দেন ব্রিটিশ বিজ্ঞানীরা।

এখন পর্যন্ত কোনো গবেষণায় হাইড্রক্সিক্লোরোকুইনের কার্যকারিতা প্রমাণ না হওয়ায় ওষুধটি নিষিদ্ধ করেছে ফ্রান্স, ইতালি ও বেলজিয়াম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত