মেহেরপুরে লিবিয়ায় মানবপাচারকারী দলের সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৬ জুন ২০২০, ০২:৪৯ পিএম

মেহেরপুরের গাংনী থেকে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের সদস্য সক্রিয় আব্দুস সামাদ আজাদকে (৩০) গ্রেপ্তার করেছে মেহেরপুর সিআইডি পুলিশের একটি দল। মঙ্গলবার ভোরে আত্মগোপনে থাকা আজাদকে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি ধানখোলা ইউনিয়নের কসবা মোল্লাপাড়ার হাবিবুর রহমানের ছেলে এবং ভোলাডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।

গোয়েন্দা তদন্ত বিভাগ (সিআইডি’র) ওসি হাসান ইমাম জানান, আজাদ আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য।

সম্প্রতি লিবিয়ায় মানব পাচার ঘটনাটি তাদের গ্রুপের দ্বারা সংঘটিত হয় বলে অভিযোগ রয়েছে। আজাদের নামে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় মানবপাচার আইনে একটি মামলা আছে।

লিবিয়ায় মানবপাচার ও হত্যা ঘটনার পর আজাদ শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। সিআইডি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই তথ্য নিশ্চিত হলে সিআইডি শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সিআইডি ওসি আরও জানান, সম্প্রতি ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জনকে লিবিয়ায় নির্মমভাবে গুলি করে হত্যা এবং ১১ জন বাংলাদেশিকে জখম করেন লিবিয়ায় অবস্থান করা মানবপাচারকারী এই চক্রের সাথে আজাদের যোগসূত্রতা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজাদ ওই চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।

স্থানীয়রা জানায়, আব্দুস সামাদ আজাদ এক সময় দীর্ঘদিন লিবিয়ায় ছিল। বছর চার আগে দেশে ফিরে আসে। তারপর শোনা যায় তিনি লিবিয়ায় লোক পাঠান। এরপর থেকে কখনো বাইরে আবার কখনো এলাকায় যাতায়াত করতে দেখা যেত। কিন্তু তিনি মানবপাচারকারী দলের কোনো সদস্য কিনা সে সম্পর্কে স্থানীয়রা নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত