অর্থ পাচার মামলা

শর্তসাপেক্ষে জামিন বরখাস্ত জেলার সোহেল রানার

আপডেট : ১৭ জুন ২০২০, ০৬:১৭ এএম

অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বরখাস্ত জেলার (কারা তত্ত্বাবধায়ক) সোহেল রানা বিশ্বাসকে জামিন দিয়েছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ পুলিশের প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুরের এ আদেশ দেয়। তবে, শর্ত হিসেবে সোহেল রানাকে তার পাসপোর্ট জমা রাখতে হবে বলে জানিয়েছে আদালত।

ভিডিও কনফারেন্সে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নাহিদ সুলতানা যূথী ও শাকিলা রওশন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম আমিন উদ্দিন মানিক দেশ রূপান্তরকে বলেন, ‘পাসপোর্ট জমা দেওয়ার শর্তে পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত সোহেল রানাকে জামিন দিয়েছে হাইকোর্ট। যে আদালতে তিনি বেইল বন্ড দাখিল করবেন, সেখানেই তাকে তার পাসপোর্ট জমা রাখতে হবে।’

২০১৮ সালের ২৭ অক্টোবর কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেন থেকে নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, ১২ বোতল ফেনসিডিলসহ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের তখনকার জেলার সোহেল রানা বিশ^াসকে আটক করে ভৈরব রেলওয়ে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত