প্রতিদিন আক্রান্ত ১ লাখের বেশি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ১৭ জুন ২০২০, ০১:৩৮ পিএম

সবশেষ দুই সপ্তাহে প্রতিদিনই ১ লাখের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গাব্রিয়েসাস।

নতুন আক্রান্তদের বেশির ভাগই আমেরিকা ও দক্ষিণ এশিয়ার অঞ্চলের। আর যেসব দেশ পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফের সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা নিয়ে তাদেরকে অবশ্যই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আধানম।

এ ক্ষেত্রে চীনের বেইজিংয়ে করোনাভাইরাসের ‘ক্লাস্টার’ সংক্রমণের কথা তুলে ধরেন ডব্লিউএইচও প্রধান।

টানা ৫০ দিন করোনাভাইরাসে সংক্রমণহীন দিন কাটানোর পর সম্প্রতি ফের চীনের রাজধানীতে ভাইরাসটির উপস্থিতি দেখা দিয়েছে। বেইজিংয়ে নতুন করে করোনা সংক্রমণের কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানান আধানম।

করোনাভাইরাসের আক্রান্তের তথ্য তুলে ধরে তিনি জানান, আক্রান্তের সংখ্যা ১ লাখে পৌঁছাতে সময় লেগেছিল দুই মাসের বেশি। আর এখন প্রতিদিনই ১ লাখ আক্রান্ত স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে।

প্রতিদিনকার নতুন আক্রান্তের প্রায় তিন চতুর্থাংশই হচ্ছে ১০টি দেশে। আর দেশগুলোর বেশির ভাগই দক্ষিণ এশিয়া ও আমেরিকা অঞ্চলের।

গত বছরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ লাখ ৬৬ হাজার। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৬ হাজার মানুষের।

আক্রান্ত ও মৃত্যু উভয় তালিকাতেই শীর্ষে যুক্তরাষ্ট্র। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আক্রান্ত-মৃত্যুতে শীর্ষে ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত