পাকিস্তানের রাজনীতিবিদ ফজল-উর-রেহমানের একটি বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস্যের সৃষ্টি হয়েছে। টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ‘মানুষের মতো করোনাভাইরাসও ঘুমায়’ বলতে শোনা গেছে তাকে।
গত রবিবার ভিডিওটি শেয়ার করেন পাকিস্তানি সাংবাদিক নায়লা ইনায়েত।
ফজল-উর-রেহমানের দাবি, ‘আমরা যত ঘুমাই, ভাইরাস তত ঘুমায়। এটা আমাদের ক্ষতি করে না। আমরা মারা গেলে ভাইরাসও মরে যায়।’
পাকিস্তান জাতীয় সংসদের সাবেক এই সদস্য জনাকীর্ণ স্থানে বক্তব্য দেয়ার সময় দাবি করেন, চিকিৎসকেরা এভাবে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের পরামর্শ দিচ্ছেন।
কোন চিকিৎসক এভাবে ভাইরাসের হাত থেকে বাঁচার পরামর্শ দিয়েছেন সেটি স্পষ্ট করেননি বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
কভিড-১৯ রোগে পাকিস্তানে এখন পর্যন্ত দেড় লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় তিন হাজার।
নতুন এই রোগটি মোকাবিলার ক্ষেত্রে ঘুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে বিভিন্ন গবেষণায় বলা হয়েছে। পর্যাপ্ত ঘুমালে শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধক ব্যবস্থা ঠিক থাকে। তবে রেহমানের দাবি অনুযায়ী ‘মানুষ ঘুমালে ভাইরাস’ ঘুমায় এমন কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি।
