ইতালি, স্পেন ও ফ্রান্সে করোনায় মৃত্যু কিছুটা কমে আসলেও ইউরোপের অন্যান্য দেশে বেড়েই চলেছে। এর মধ্যে সুইডেনে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সুইডেনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এখন ৫ হাজার ৪১ জন।
ইউরোপের দেশটির জনসংখ্যা এক কোটির একটু বেশি। তবে অন্যান্য প্রতিবেশি দেশের তুলনায় সুইডেনে এই মহামারিতে মৃতের সংখ্যা অনেক বেশি।
সুইডেন করোনা মোকাবেলায় হার্ড ইমিউনিটির পথ নিয়েছিল, তারা অন্যান্য দেশের মতো কঠোর লকডাউন জারি করেনি। ফলে করোনা নিয়ন্ত্রণে নীতি গ্রহণে সমালোচনার মুখে পড়েছে দেশটি।
স্বেচ্ছায় সামাজিক দূরত্ব মেনে চলতে নাগরিকদের আহ্বান করেছিল দেশটির সরকার। ফলে সব ধরনের জনসমাগম বজায় ছিল করোনা পরিস্থিতিতেও।
হার্ড ইমিউনিটির নীতির ফলে সুইডেনে কী ঘটছে, সেদিকে অনেকেই নজর রাখছেন। এর মধ্যে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৩২৩ জন।
এই বিতর্কিত নীতির পেছনে যিনি, সেই অ্যান্ডার্স টেগনেল স্বীকার করেছেন যে, সুইডেনে এ কারণে অনেক বেশি মানুষ করোনাভাইরাসে মারা গেছেন।
