কমিউনিটি অন্তর্ভুক্তকরণ ছাড়া লকডাউন সম্ভব নয় : তাজুল

আপডেট : ১৮ জুন ২০২০, ০৬:১৭ এএম

জোনভিত্তিক লকডাউন, বিশেষ করে রেড জোনে লকডাউন কার্যকর করতে কমিউনিটিকে অন্তর্ভুক্ত করতে হবে বলে মত দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। সেই সঙ্গে লকডাউন ঘোষিত এলাকায় স্বাস্থ্যসেবাসহ অন্যান্য জরুরি সেবা নিশ্চিত করারও তাগিদ দেন তিনি। গতকাল বুধবার রাজধানীর পূর্ব রাজাবাজারে চলমান লকডাউন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন এবং ওয়ার্ড কাউন্সিলরসহ লকডাউন কার্যক্রমে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তাজুল ইসলাম বলেন, লকডাউন করা এলাকায় টেলিমেডিসিন সেবা চালু করতে হবে। জরুরি সেবা দেওয়ার জন্য এসব এলাকায় অ্যাম্বুলেন্স সব সময় প্রস্তুত রাখতে হবে, যাতে গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়। পূর্ব রাজাবাজারে লকডাউন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তাজুল ইসলাম আরও বলেন, এখানে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়েছে এবং এখানকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকাসহ সারা দেশে যেখানে লকডাউন প্রয়োজন, সেখানে পদক্ষেপ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত