বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

আপডেট : ১৮ জুন ২০২০, ০৭:২৪ এএম

দেশের দুই জেলায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এরমধ্যে নেত্রকোনার পূর্বধলায় মাছের খামারে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামের বাঁশখালীতে পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তার সরাতে গিয়ে স্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:

নেত্রকোনা : পূর্বধলায় মাছের খামারে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার জালশুকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উত্তর জালশুকা এলাকার সমর আলী (৫২) ও তার ছেলে পাপ্পু আহমেদ প্রান্ত (২২)। স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মাছ বিক্রির উদ্দেশে বাড়ির পাশের খামারের একটি পুকুরে সেচ দিতে যান বাবা ও ছেলে। পরে মোটরের সঙ্গে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে ওই রাতেরই কোনো এক সময় স্পৃষ্ট হয়ে মারা যান তারা। বুধবার ভোর ৪টার দিকে পাপ্পুর মা ফিরোজা বেগম খামারে গিয়ে ওই দুজনের লাশ উদ্ধার করেন। নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন জানান, অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম : বাঁশখালীতে পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তার সরাতে গিয়ে তাতে স্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পুঁইছড়ি এলাকার ভিলেজার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার মোহাম্মদ ইদ্রিস (৩২) ও মোহাম্মদ কাসেম (১৭)। তারা দুজন চাচা-ভাতিজা ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক খুঁটির আর্থিংয়ের তার ছিঁড়ে জমে থাকা পানিতে পড়ে যায়। এসময় বাড়ির সামনের ওই রাস্তা থেকে তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা দুজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ওই দুজনকেই মৃত ঘোষণা করেন। বাঁশখালী  থানার ওসি রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত