সুনামগঞ্জে এক দিনে নতুন করে আরও ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় এ নিয়ে মোট ৬৯৯ জন করোনায় আক্রান্ত হলেন। এদিকে জেলায় করোনা সংক্রমণ ঠেকাতে ৮ উপজেলার ১৫ এলাকাকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করে চলছে লকডাউন। নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৩, ছাতক উপজেলায় ১৭, জগন্নাথপুর উপজেলায় ৬, দোয়ারাবাজার উপজেলায় ১১, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১, দিরাই উপজেলায় ৩, জামালগঞ্জ উপজেলায় ৯, তাহিরপুর উপজেলায় ৬, বিশ্বম্ভরপুর উপজেলায় ২ জন রয়েছেন।
সিভিল সার্জন শামস উদ্দিন বলেন, গত মঙ্গলবার রাত ১১টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ৩৭৪টি নমুনা পরীক্ষা করে ৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন জানান, সুনামগঞ্জে করোনা আক্রান্তের হার বিবেচনায় ইতিমধ্যে ৮ উপজেলার ১৫টি এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করে লকডউন করা হয়েছে। গত মঙ্গলবার থেকে সেসব এলাকা লকডাউন করা হয়েছে। নতুন করে আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের সবার নমুনা সংগ্রহ করা হবে।
