করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক।
তার নাম ডা. রফিকুল হায়দার (৫২)। তিনি হাসপাতালটির ডায়বেটোলজিস্ট ও এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে তিন দিন আগে তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালেই নমুনা পরীক্ষা করান।
রিপোর্টে তিনি কভিড-১৯ এ আক্রান্ত বলে শনাক্ত হবার পর বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন।
বুধবার রাতে গুরুতর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে মিরপুরের বাসা থেকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ডা. রফিকুল হায়দারের ভগ্নিপতি ওহেদুজ্জামান জানান, মিরপুরের পল্লবীতে একাই থাকতেন ডা. রফিকুল হায়দার।
একমাত্র ছেলে প্রাজ্বলকে নিয়ে তার সাবেক স্ত্রী ডা. রোমেনা হেলাল শর্মা বর্তমানে আমেরিকায় বাস করেন।
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর গ্রামের মোহাম্মদ সুফিয়ানের ছেলে ডা. রফিকুল হায়দার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন।
দীর্ঘদিন ধরেই তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।
বুধবার রাতেই কোয়ান্টাম ফাউন্ডেশন এর মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে ডা. রফিকুল হায়দারের জানাজা শেষে তাকে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
জনপ্রিয় চিকিৎসক হিসেবে তার অকাল মৃত্যুতে সাভার নেমে আসে শোকের ছায়া।
ডা. রফিকুল হায়দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
