পটুয়াখালীর বাউফলে ঢাকা-কালাইয়া রুটের যাত্রীবাহী ডবল ডেকার লঞ্চ ঈগলের ধাক্কায় নৌকা ডুবে আনোয়ার হোসেন (৪৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আসলাম শরিফ ও জান্নাত নামের এক দম্পতি নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার ভোরে বাউফল উপজেলার নুরাইনপুর লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন এর বাড়ি কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশ্যে আসা ঈগল লঞ্চটি নুরাইনপুর ঘাটে নোঙর করার সময় লঞ্চঘাট সংলগ্ন খেয়া নৌকাটিকে ধাক্কা দেয়।
এ সময় খেয়া নৌকায় থাকা ১০/১২ জন যাত্রী পানিতে পড়ে যায়। এতে আনোয়ার হোসেন পানিতে ডুবে মারা যান এবং আসলাম ও জান্নাত নামের এক দম্পতি নিখোঁজ হন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দম্পতির সন্ধানে স্থানীয় ডুবুরিরা উদ্ধার কাজ পরিচালনা করছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনও অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
