সুনামগঞ্জে নতুন করে আরও ১৮ জন করোনাভাইরাসে আক্রান্তসহ পুরো জেলায় আক্রান্তের সংখ্যা ৭শ জন ছাড়িয়েছে।
বুধবার রাতে জেলায় নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত শনাক্তসহ মোট করোনায় আক্রান্ত ৭১৭ জন।
নতুন আক্রান্তদের মধ্যে ছাতক উপজেলায় ৩, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, শাল্লা ৫ জন, সুনামগঞ্জ সদর উপজেলায় ২ জন, দিরাই উপজেলায় ১ ও বিশ^ম্ভরপুর উপজেলায় ২ জন রয়েছেন।
১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বুধবার তা ছাড়ায় ৭০০ জনে। আর মারা গেছেন ৪ জন। জেলায় সুস্থ হয়েছেন ১৪৫ জন।
বুধবার থেকে জেলার ৮ উপজেলার ১৫টি এলাকা রেড জোন হিসেবে ঘোষণা করে কার্যকর করা হয়েছে।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, বুধবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা টেস্টে ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৭১৭ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে ১২ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলে এখন জেলার করোনায় আক্রান্ত ৭১৭ জন। তার মধ্যে সুনামগঞ্জ সদরে ১৭৭, ছাতক উপজেলায় ১৯৩, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৬১, বিশ^ম্ভরপুর উপজেলায় ২৬, দিরাই উপজেলায় ১৮, শাল্লা উপজেলায় ২৫, তাহিরপুর উপজেলায় ২৪, জামালগঞ্জ উপজেলায় ৫৫, ধর্মপাশা উপজেলায় ১৮, দোয়ারাবাজার উপজেলায় ৬৫, জগন্নাথপুর উপজেলায় ৫৫ জন করোনায় আক্রান্ত। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৮৭২ জন। আইসোলেশনে গেছেন ৭১৭ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, সুনামগঞ্জে করোনার আক্রান্ত সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। মানুষের মধ্যে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি সর্ম্পকে সচেতনতা না আসলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাই করোনা সংক্রমণ রোধে এলাকাভিত্তিক করোনা হার বিবেচনায় জেলার ১৫টি এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে।
