মন্ত্রিসভার বৈঠকে মাস্ক না পরায় মন্ত্রীকে জরিমানা

আপডেট : ১৮ জুন ২০২০, ০৪:১৭ পিএম

মন্ত্রিসভার বৈঠকে মাস্ক না পরায় জরিমানা করা হলো এক মন্ত্রীকে। ভারতের গুজরাটে এই ঘটনা ঘটল।

টাইমস অব ইন্ডিয়া জানায়, গুজরাটের বিজয় রুপানি সরকারের মন্ত্রী ঈশ্বসিং ঠাকুরভাই প্যাটেল মন্ত্রিসভার বৈঠকে মাস্ক ছাড়াই উপস্থিত হন। এতে তাকে ২০০ রুপি জরিমানা করা হয়েছে।

ঈশ্বসিং প্যাটেল রাজ্যটির ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি। গান্ধীনগরে সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে তিনি মাস্ক ছাড়াই উপস্থিত হয়েছিলেন। সেই বৈঠকে মন্ত্রিসভার অন্যান্য় সদস্য ও একাধিক আমলা এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবারই মুখ মাস্কে ঢাকা থাকলেও প্যাটেলের মুখে কোনো মাস্ক ছিল না।

করোনা মোকাবিলায় বিধিনিষেধ অমান্য করায় তাকে তাৎক্ষণিক জরিমানা করা হয়। তবে বৈঠক থেকে বের হওয়ার সময় প্যাটেলের মুখে মাস্ক ছিল। তিনি সকালে মাস্ক না পরেই বৈঠকে চলে আসায় ক্ষমাও চেয়ে নেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজে গিয়েই জরিমানার অর্থ পরিশোধ করেন মন্ত্রী।

তবে ইচ্ছে করে কোনও নির্দেশিকা ভাঙতে চাননি জানিয়ে প্যাটেল বলেন, 'একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি সবসময় সবাইকে মাস্ক পরতে বলব। রাজ্যে করোনাভাইরাসকে ঠেকাতে সবাই অবশ্যই মাস্ক পরুন।' 

করোনা রোধে জনসম্মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে গুজরাট সরকার। নিয়ম ভাঙলে ২০০ রুপি জরিমানার আইন করা হয়।

এদিকে ভারতের রাজ্যটিতে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজারের বেশি ছাড়িয়ে গেছে, এর মধ্যে মারা গেছেন সহস্রাধিক ব্যক্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত