আশুলিয়ায় এক নারী শ্রমিককে শ্বাসরোধে হত্যা করেছে তার কথিত ভাই। পরে নিজেই হত্যার বিষয়টি নিহত নারীর আপন ভাইকে ফোন করে জানায় সে। পরে আশুলিয়া থানা পুলিশ পুলিশ বুধবার রাত ১১টার দিকে আশুলিয়ার বেরন এলাকার বাবুল মিয়ার বাড়ি থেকে দরজা ভেঙে ওই নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করে।
নিহত নারী শ্রমিকের নাম রত্না আক্তার (২১)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হলুদিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা। নিহত রত্না আশুলিয়ার বেরন এলাকার বাবুল মিয়ার মালিকানাধীন ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। হত্যাকারী নিজেকে রত্নার ভাই পরিচয় দিয়ে মাঝে-মধ্যেই ওই বাসায় বেড়াতে আসত বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির নিহতের স্বজনের বরাত দিয়ে জানান, মূলত মঙ্গলবার রাতে হত্যার ঘটনাটি ঘটেছে। হত্যাকারী নিজেই রত্নার আপন ভাই মঞ্জুরুল ইসলামকে হত্যার বিষয়টি ফোন করে জানায়। পরে রত্নার ভাই মঞ্জুরুল ইসলাম বিষয়টি আশুলিয়া থানাকে অবহিত করলে বুধবার রাত ১১টার দিকে ঘরের তালা ভেঙ্গে রত্না আক্তারের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে সুরতালে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এ ছাড়া ওই নারী শ্রমিকের মরহদে তার পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
তবে তদন্তের স্বার্থে কথিত ভাইয়ের তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন এই কর্মকর্তা।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
