মাদারীপুরে করোনায় একজন ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

আপডেট : ১৯ জুন ২০২০, ১২:৫১ পিএম

মাদারীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদর হাসপাতালের আইসোলেশনে থাকা একজন মারা গেছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যুর খবর পা্ওয়া গেছে। বৃহস্পবিার রাতে ও শুক্রবার সকালে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- মাদারীপুরের জজকোর্ট এলাকার কাওসার, থানতলী এলাকার আজাদ খান, রাস্তি এলাকার আলমগীর বেপারী, দূর্গাবর্দ্দী এলাকার শিক্ষক মো. আনিচুর রহমান এবং কেন্দুয়া এলাকার শিক্ষক মৃণাল তালুকদার।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদর উপজেলার হাজির হাওলা এলাকার কাওসার মিয়া (৫৮) নামে এক ব্যক্তি আজ ভোরে মৃত্যুবরণ করেছেন। করোনা উপসর্গ নিয়ে তিনি ১৩ তারিখে হাসপাতালে ভর্তি হয়ে নমুনা পরীক্ষা করান। বৃহস্পতিবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

মাদারীপুর শহরের থানতলী এলাকার আজাদ খান (৫৮) সকালে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। মারা যাওয়ার পর সকালে জেলা স্বাস্থ্য বিভাগ তার করোনার নমুনা সংগ্রহ করেছে। আজাদ খানের জ্বর ও কাশি ছিল কয়েকদিন ধরে।

সদর উপজেলার পুরানবাজার রাস্তি এলাকার আলমগীর বেপারী (৫০) বৃহস্পতিবার রাত ৮টার দিকে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি জ্বর ও কাশি নিয়ে চার/পাঁচদিন ধরে ভুগছিলেন। বৃহস্পতিবার হাসপাতালে নিয়ে তার করোনার টেস্ট দেয় পরিবারের লোকজন।

মাদারীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের হরিকুমারিয়া এলাকার রকিব উদ্দিন (৬৫) করোনা উপসর্গ নিয়ে সকালে নিজ বাড়িতে মারা যান। মারা যাওয়ার পর করোনার নমুনা সংগ্রহ করা হয়।  

সদর উপজেলার ১ নং দূর্গাবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনিচুর রহমান মিনাল তালুকদার (৪৮) করোনা উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মৃত্যুবরণ করেন।

জ্বর ও কাশি নিয়ে পাঁচদিন পূর্বে সদর হাসপাতালে এসেছিলেন। পরে চারদিন পূর্বে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ফরিদপুরে করোনা টেস্ট দেন। রিপোর্ট আগামী রবিবার পাবেন।

মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন বলেন, সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেছেন। করোনা উপসর্গ নিয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত্যুবরণ করা সকলকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার জন্য পরিবারের সদস্যদের বলা হয়েছে।

মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, মাদারীপুর সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছেন। কিন্তু অন্য চারজনের বিষয়ে আমাদের কাছে এখনও কোনো তথ্য আসেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত