রেড জোন পূর্ব রাজারবাজারে স্বেচ্ছাসেবকদের যত অভিজ্ঞতা

আপডেট : ১৯ জুন ২০২০, ০৫:১৯ পিএম

রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা এখন রেড জোন। সেখানে চলছে লকডাউন। বাসিন্দাদের বাইরে যাওয়া মানা। তাদের সেবায় নিয়োজিত রয়েছেন স্বেচ্ছাসেবকরা। প্রয়োজনীয় পণ্য সরবরাহে তারা ২৪ ঘণ্টাই প্রস্তুত। তবে জানা গেছে এখানে কাজ করতে গিয়ে তাদের নানা অভিজ্ঞতা হচ্ছে।  

করোনা সংক্রমণের কারণে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে গত ১০ জুন সেখানে পরীক্ষামূলক লকডাউন দেওয়া হয়। এলাকাটিতে বাস করছেন প্রায় ৫০ হাজার মানুষ।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় দেশের বিভিন্ন এলাকা জোনভিত্তিক ভাগ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, স্থানীয়রা ও স্বেচ্ছাসেবকরা মিলে ওই এলাকার মানুষদের সহায়তা করছেন। পাশাপাশি নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য টহল দিচ্ছেন সেনাবাহিনীও।

স্বেচ্ছাসেবক দলের সমন্বয়কারী মাসুদ হোসাইন সুমন জানান, এই এলাকায় বাসিন্দাদের খাদ্যসহ প্রয়োজনীয় জিনিসগুলো দিতে দুই শিফটে ৮০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগের জন্য বাসিন্দাদেরকে ফোন নম্বরও দিয়ে দেওয়া হয়েছে।

স্বেচ্ছাসেবক বায়েজিদ হোসাইন সুজন জানান, দুই দিন আগে ৮০ বছর বয়সী একজনের কাছ থেকে ফোন পান সুজন। ওই ব্যক্তি জানান, তার জ্বর আছে ও শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। কিন্তু, তার পরিবারের সদস্যরা তাকে একটি কক্ষে বন্ধ করে রেখেছেন। বিষয়টি জানার পর স্বেচ্ছাসেবকরা সেখানে গিয়ে ওই ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়।

স্বেচ্ছাসেবক রেজাউল ইসলাম রাজ বলেন, কয়েক দিন আগে সকাল ১১টার দিকে ফোনে এক বাসিন্দা তার জন্য গার্লিক পিৎজা এনে দেওয়ার কথা বলেন। আরেকজন ফোন করে সমুচা ও নাগেট এনে দিতে বলেছেন। আমরা দোকানে যোগাযোগ করে তাদের এই জিনিসগুলোও পৌঁছে দিয়েছি।

সমন্বয়কারী মাসুদ হোসাইন সুমন বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছি যে কেউ যাতে তাদের ঘর থেকে না বের হয়। যদি কারো একটি সুইয়েরও দরকার হয়, আমরা তা এনে দেব।’

স্বেচ্ছাসেবকদের কাছে ফোন আসার ব্যাপারে ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘লকডাউনে থেকে মানুষ হতাশ হয়ে পড়ছে। এখানকার বেশিভাগ বাসিন্দার ব্যবহারই ভালো, কেবল কিছু ব্যতিক্রম ছাড়া। কিন্তু, আমরা তাদের সমস্যাগুলো বিবেচনা করছি এবং তাদের সহায়তা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করছি। আমরা স্বেচ্ছাসেবকদের কোনো ধরনের অসম্মানজনক আচরণ না করে ওই এলাকার মানুষের পাশে দাঁড়াতে বলেছি।’
সূত্র: ডেইলি স্টার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত