কিংবদন্তি ক্রিকেটার রামচাঁদ গোয়ালার মৃত্যুতে অর্থন্ত্রীর শোক প্রকাশ

আপডেট : ১৯ জুন ২০২০, ১০:৪৯ পিএম

ঢাকার ক্লাব ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি ক্রিকেটার, দেশের প্রথম বাঁহাতি স্পিনার রাম চাঁদ গোয়ালার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী ও আইসিসির সাবেক প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামাল, এফ‌সিএ, এম‌পি।

রাম চাঁদ গোয়ালা শুক্রবার সকালে ময়মনসিংহের নিজ বাসভবনে পরলোকগমন করেন।

অর্থমন্ত্রী এক শোক বার্তায় বলেন, দেশের ক্রিকেট ইতিহাসে রাম চাঁদ গোয়ালার নাম স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। তিনি তার  বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

গত ৯ জুন হৃদক্রিয়াজনিত সমস্যার কারণে রামচাঁদ গোয়ালাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থবোধ করায় হাসপাতাল ত্যাগ করেন তিনি। কিন্তু বাড়ি আসার দু’দিন পরে চিরঘুমে শায়িত হন সাবেক এ ক্রিকেটার।

ক্রিকেটের জন্য অঙ্গীকারবদ্ধ রামচাঁদ অবিবাহিত ছিলেন। ১৯৪০ সালের ১৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা এই সাবেক ক্রিকেটার ৫৩ বছর বয়স পযর্ন্ত ক্রিকেট খেলেছেন।

সাবেক এই বাঁহাতি স্পিনার এবং বাঁহাতি ব্যাটসম্যান তার পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ময়মনসিংহের পন্ডিতপাড়া ক্লাবের হয়ে। পরে ঢাকার ক্রিকেটে ২০ বছর দাপটের সঙ্গে খেলেছেন। ১৯৮১ থেকে ১৯৯৩ সাল পযর্ন্ত টানা ১২ বছর আবাহনী ক্রীড়া চক্রের হয়ে নিয়মিত খেলেছেন রামচাঁদ।

সফরকারী ভারতের হায়দ্রাবাদের বিপক্ষে জাতীয় দলে খেলেছেন তিনি। তবে এরপর আর কোনো প্রতিনিধি দলের সঙ্গে খেলতে দেখা যায়নি রামচাঁদকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত