সাবেক ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে বোনাস না দেওয়ার অভিযোগে মামলা করেছিলেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। তবে তা খারিজ করে দিয়েছেন স্পেনের একটি আদালত।
শুক্রবার এক বিবৃতে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ক্লাব বিষয়টি নিশ্চিত করেছে। উল্টো নেইমারকে এখন গুণতে হবে অর্থ। সাবেক ক্লাবকে ৬৭ লাখ ইউরো ফিরিয়ে দিতে তাকে আদেশ দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে বার্সা।
২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি দিয়েছিলেন নেইমার। এর ঠিক আগের বছরই বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন নেইমার। সেই চুক্তি অনুযায়ী ২০১৭ সালের জুলাইয়ে বোনাস পাওয়ার কথা ছিল তার।
কিন্তু জুলাইয়েই বার্সেলোনা ছাড়েন নেইমার। পাঁচ বছরের জন্য চুক্তি করে মাত্র এক বছর না যেতেই ক্লাব ছাড়ায় বোনাসের বাকি অংশ দিতে অস্বীকৃতি জানায় বার্সেলোনা। অন্যদিকে নেইমার ৪৩.৬ মিলিয়ন ইউরো বোনাস দাবি করে আসছিল।
এদিকে চুক্তির শর্ত পূরণ না করায় নেইমারের বিরুদ্ধেও ক্ষতিপূরণের মামলা ঠুকে দিয়েছিল বার্সা। যেখানে জয় বার্সারই।
