ভারতে এয়ার কুলার চালাতে গিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীর ভেন্টিলেটরই আনপ্লাগ করে ফেলেন পরিবারের সদস্যরা। যার জেরে মৃত্যু হয় বছর চল্লিশের ওই রোগীর। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের কোটার এক হাসপাতালে।
ভারতীয় গণমাধ্যম জানায়, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মহারাও ভীম সিং হাসপাতালে ভর্তি ছিলেন ওই রোগী। প্রথমে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন।
চিকিৎসকরা কভিড-১৯ সন্দেহ করায় তাকে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়। সেখানেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।
জানা যায়, সেখানে এসি ব্যবস্থা না থাকায়, গরমের কথা ভেবে পরিবারের সদস্যরা ওই দিনই মার্কেট থেকে একটি এয়ার কুলার কিনে আনেন। ঘরে কোনো সকেট খুঁজে না-পেয়ে, ভেন্টিলেটরই আনপ্লাগ করে ফেলেন রোগীর পরিবারের সদস্যরা। লাইনে পাওয়ার না থাকায় আধঘণ্টার মধ্যে ভেন্টিলেটর অফ হয়ে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে ডাক্তার ও মেডিক্যাল স্টাফদের খবর দেওয়া হয়। তারা এসে রোগীকে বাঁচাতে পারেননি।
এ ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত ওই কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, টেস্ট করে রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে।
হাসপাতালের সুপার ডাক্তার নবীন সাক্সেনা জানান, ডেপুটি সুপার, চিফ মেডিক্যাল অফিসার ও নার্সিং সুপারের সমন্বয়ে তিন সদস্যের একটি কমিটি গড়া হয়েছে। শনিবারের মধ্যেই তারা রিপোর্ট দেবেন।
