করোনা আক্রান্ত বিদ্যুৎকর্মী পালিয়েছেন

আপডেট : ২০ জুন ২০২০, ০৭:৫১ এএম

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানতে পেরে বাড়ি ছেড়ে পালিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মী।

পলাতক ওই রোগীর নাম মোহাম্মদ মোজাফফর হোসেন (৫০)। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগআঁচড়া সাব জোনাল অফিসের নিরাপত্তা প্রহরী তিনি। অফিসের পাশে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন মোজাফফর। তিনি নিজের অসুস্থতার কথা গোপন করে পালিয়েছেন বলে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান। মোজাফফরের বাড়ি খুলনার ফুলতলা উপজেলায়। শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে গত বৃহস্পতিবার পাঠানো পরীক্ষার রিপোর্টে দেখা যায়, শার্শা উপজেলার তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন।

বাগআঁচড়া উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার মতিয়ার রহমান জানান, বৃহস্পতিবার রাতে তিনি মোজাফফরের বাসভবন লকডাউন করতে যান। কিন্তু সেখানে গিয়ে দেখা যায়, বাসায় তালা ঝুলছে। প্রতিবেশীরা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শুনে ঘরে তালা দিয়ে মোজাফফর পালিয়েছেন। পুলিশ তাকে খুঁজছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত