নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফয়সাল আহমেদ দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
আরএমও জানান, মোট ২০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮৭৫ জন। এ পর্যন্ত মোট ৪ হাজার ১৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৮৭৫ জনের রিপোর্ট পজিটিভ আসে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩৩ জন। করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন দেশ রূপান্তরকে বলেন, উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। উপজেলার তারাবো পৌরসভায় সর্বোচ্চ ২২৭ জন আক্রান্ত হয়েছেন। লকডাউনে থাকা রূপগঞ্জ ইউনিয়নে আক্রান্তের সংখ্যা ৯৯।
রূপগঞ্জের ইউএনও মমতাজ বেগম দেশ রূপান্তরকে বলেন, লকডাউনে থাকা দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
