বিরামপুরে ১০ জনের মৃত্যুর ঘটনায় অবৈধ স্পিরিট বিক্রেতা গ্রেপ্তার

আপডেট : ২০ জুন ২০২০, ০৯:৩৭ এএম

দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত স্পিরিট পানে স্বামী-স্ত্রীসহ ১০ জনের মৃত্যুর ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় অবৈধ স্পিরিট বিক্রেতা  মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার রাত ১১টায় নিজ বাড়ি থেকে রফিকুলকে গ্রেপ্তার করা হয়। রফিকুল্ ইসলাম বিরামপুর উপজেলার পূর্বজগন্নাথপুর (বকুলতলা) মহল্লার মৃত সিরাজুল ইসলামের ছেলে। 

বিরামপুর থানা সূত্রে জানা গেছে, বিরামপুরের বিভিন্ন হোমিওপ্যাথিক দোকানের আড়ালে বিক্রয় করা বিষাক্ত স্পিরিট পানে গত ২৬ ও ২৭ মে পৌরসভার বিভিন্ন মহল্লার ১০ জন মারা যায়।

এ ঘটনায় গত ২৭ মে বিরামপুর থানার এসআই নুরুল হক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে রফিকুল ইসলাম পলাতক ছিলেন। আজ রাতে রফিকুলের বাড়িতে আসার খবর পায় পুলিশ।

খবর পেয়ে ওসি মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল রফিকুলকে গ্রেপ্তার করে। 

ওসি মো. মনিরুজ্জামান জানান, রফিকুল দীর্ঘ দিন থেকে হোমিও ঔষুধ বিক্রির আড়ালে অবৈধভাবে রেক্টিফাইড স্পিরিট বিক্রি করে আসছিলেন। তার  বিরুদ্ধে বিরামপুর এবং ফুলবাড়ী থানায় দুটি মাদকের মামলাসহ চারটি মামলা রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত