করোনা আইসোলেশন ইউনিটের অক্সিজেন সিলিন্ডার থেকে মিটার চুরি করে একটি বেসরকারি ক্লিনিকে বিক্রির ঘটনায় বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ওই পরিচ্ছন্নতাকর্মী দুটি সিলিন্ডার থেকে মিটার চুরি করে শহরের শান্ত পলি ক্লিনিকের ম্যানেজারের কাছে বিক্রি করে দেন। রাতেই পুলিশ মিটারসহ তিনজনকে গ্রেপ্তার করে।
সদর থানার উপ-পরিদর্শক খোরশেদ আলম জানান, শুক্রবার সকাল থেকে মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ব্যবহৃত দুটি অক্সিজেন সিলিন্ডারের মিটার খুঁজে পাওয়া যাচ্ছিল না।
বিষয়টি হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল থানায় জানালে পুলিশ তদন্ত শুরু করে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হীরা লাল জানান, তিনি মিটার দুটি ১৩ হাজার টাকায় শহরের কাটনারপাড়া এলাকার সেবা পলি ক্লিনিকে বিক্রি করে দিয়েছেন।
শুক্রবার রাতেই ওই ক্লিনিক থেকে চুরি যাওয়া মিটার দুটি উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় ক্লিনিকের ম্যানেজার ফেরদৌস আলম ও কর্মচারী ঠাণ্ডু মিয়াকে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, এই ঘটনায় হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল থানায় মামলা দায়ের করেছেন।
শনিবার দুপুরে মামলার তিন আসামি হীরা লাল, ফেরদৌস আলম ও ঠাণ্ডু মিয়াকে আদালতের মাধ্যমেও কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
